রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজসাথীর হাজার দুয়েক সাইকেল জঙ্গলাবৃত হয়ে পরে থেকে নষ্ট হচ্ছে। উদাসীন জেলা প্রশাসন। অভিযোগ, স্থানীয় একটি স্কুলের মাঠ দখল করে সাইকেল ফেলে রেখেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লক প্রশাসন। জঙ্গলাকীর্ণ সাইকেলের কারনে স্কুলের ভেতরে বাড়ছে সাপের উপদ্রব। আতঙ্কে চলছে স্কুলের পঠনপাঠন। বন্ধ হয়ে গিয়েছে স্কুলের খেলাধূলা থেকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।
ছাত্র-ছাত্রীদের সাইকেলে চেপে স্কুলে আসা যাওয়া করার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সেই সাধের প্রকল্প " সবুজসাথী " মুখ থুবড়ে পরে আছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। মাস সাত আটেক ধরে রায়গঞ্জের মহারাজা জগদীশনাথ হাইস্কুলের মাঠে অন্যান্য স্কুলগুলির ছাত্র-ছাত্রীদের দেওয়ার জন্য সবুজসাথীর সাইকেল ফেলে রেখেছে রায়গঞ্জ ব্লক প্রশাসন।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুজিত পাল বলেন, " ব্লক প্রশাসন আমাদের বিদ্যালয়ের মাঠ ও কয়েকটি ঘর নিয়ে কয়েক হাজার সাইকেল রেখে দিয়েছে। সাইকেলগুলি নষ্ট হওয়ার পাশাপাশি জঙ্গলাকীর্ণ হয়ে পরেছে স্কুল চত্বর। স্কুল চত্বরে বাড়ছে সাপের উপদ্রপ। যে কোন দিন দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা আমাদের "।
স্কুলের সহকারী প্রধানশিক্ষক ডঃ শান্তনু প্রামানিক বলেন, " বিদ্যালয়ে পড়াশুনা ছাড়াও আরও অন্যান্য অনেক কর্মসূচী থাকে, ছাত্রদের পিটি, খেলাধূলা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান যা প্রায় সাত-আট মাস ধরে বন্ধ হয়ে পরে আছে"। এদিকে স্কুল কর্তৃপক্ষের তরফে রায়গঞ্জ ব্লক প্রশাসনের কাছে বহুবার লিখিত আবেদন করা হলেও উদাসীন প্রশাসন।
এবিষয়ে সরাসরি উত্তর দিনাজপুর জেলাশাসক আয়েষা রানী এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, " বিষয়টি আমি রায়গঞ্জ ব্লক প্রশাসনের কাছে জানতে চাইব এবং কি কারনে সবুজসাথীর সাইকেল বিতরন না করে ফেলে রাখা হয়েছে তার তদন্ত করবো "।